যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬

বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাব অনুযায়ী, দেশভেদে বাড়তি শুল্কের হার ২০ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে চীন। ভিয়েতনামের পণ্যে প্রস্তাব করা হয়েছে ৩৫ শতাংশ শুল্ক।

বাংলাদেশ ও ভারতের পণ্যের ক্ষেত্রে প্রস্তাবিত বাড়তি শুল্কের হার ২০ অথবা ২৫ শতাংশ।

বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর। তদন্তে দেশগুলোর নীতি, পদক্ষেপ ও উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং এর ফলে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে।

মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপ করা শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যুক্ত হবে।

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানিও হয়েছে।

Nagad

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে মোট শুল্কের হার ৪৫ থেকে ৫০ শতাংশে দাঁড়াতে পারে।

এর আগে গত মার্চে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন কার্যকরে দুর্বলতা বা শিথিলতা নিয়ে পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।

এই দুই তদন্তের ভিত্তিতে শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ‘লিবারেশন ডে’ নামে পরিচিত বৈশ্বিক আমদানি শুল্কব্যবস্থা পুনর্গঠন করতে চায়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্কব্যবস্থা বাতিল করে দেয়।

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য দিয়ে বৈশ্বিক বাজার সয়লাব করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।