এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুঁশিয়ারি রাশিয়ার
প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে দেশটিকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনীয় হামলার প্রেক্ষাপটে মস্কো এ সতর্কবার্তা দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে এস্তোনিয়াকে সতর্ক করে মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া ‘প্রকাশ্য যুদ্ধের সূত্রপাত করার দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে। এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে মস্কো।
সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এস্তোনীয় কূটনীতিককে তলব করার পর রুশ মন্ত্রণালয় আরও অভিযোগ করে, এস্তোনিয়া রুশবিরোধী প্রবণতা দেখাচ্ছে।
অভিযোগের তালিকায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য এস্তোনিয়া ইউক্রেনীয় ড্রোনকে নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। পাশাপাশি বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষা নিষিদ্ধ করার উদ্যোগ এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগও করেছে মস্কো।
রুশ মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়া সংরক্ষণ করে। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত শুধু এস্তোনিয়ার জন্য নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে থাকা দেশটির মিত্রদের জন্যও ‘বুমেরাং’ হয়ে ফিরে আসবে বলে সতর্ক করেছে মস্কো।
চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে থাকা স্থলসীমান্তের পারাপার কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টায় রাশিয়ার নিরাপত্তা সংস্থা জড়িত—এমন অভিযোগের পর তালিন এ সিদ্ধান্ত নেয়।
ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র এস্তোনিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো তাদের বিরুদ্ধে যে বৃহত্তর বৈরী অভিযান চালাচ্ছে, অগ্নিসংযোগের ঘটনাটি তারই অংশ। তবে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
এদিকে রাশিয়ার সব অভিযোগের জবাব না দিলেও ইউক্রেনীয় সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তারা সাধারণত রুশ অপপ্রচারের বিষয়ে মন্তব্য বা বিতর্কে জড়ায় না। তবে এ ক্ষেত্রে তারা পুনর্ব্যক্ত করছে, এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। এ অঞ্চলের অন্যান্য দেশও একই অবস্থান স্পষ্ট করেছে।

