সালতামামি-২০২২: হতাশা কাটিয়ে আলো দেখছে সিনেমাপ্রেমীরা

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহন, december ২৪, ২০২২

চলতি বছরের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জানিয়েছে, এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে ৪৭টি ছবি মুক্তি পেয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলা যায়, চলতি বছর অর্ধশত সিনেমা মুক্তি পেয়েছে।

বছরের শুরু দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এইচ আর হাবিবের ‘ছিটমহল’ সিনেমা। এটি মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শকদের কাছ থেকে সিনেমাটি গ্রহণযোগ্যতা লাভ করেনি।

জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে মোট ৯টি সিনেমা মুক্তি পায়। দর্শক খরা কাটিয়ে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি ‘জিন্দাবাদ-২’ সিনেমাটি আলোচনায় আসে। এরপর নাট্যাঙ্গনের জনপ্রিয় তারকা মোশাররফ করিম ও চিত্রনায়িকা পরীমনির ‘মুখোশ’ সিনেমাটি মোটামুটি ব্যবসা করেছে। পরে মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমাটি দর্শক বেশ ইতিবাচকভাবে নিয়েছে। এরপর কয়েকটি সিনেমা মুক্তি পেলেও কোনো সাড়া ফেলতে পারেনি।

ঈদুল ফিতরে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে বলে আলোচনা হলেও শেষ পর্যন্ত চারটি সিনেমা মুক্তি পায়। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো- ‘গলুই’, ‘বিদ্রোহী’, ‘শান’, ও ‘বড্ড ভালোবাসি’। এসব সিনেমার মধ্যে ‘গলুই’ এবং ‘শান’ দর্শকদের মধ্যে আলোচনায় ছিল। ওই সিনেমাগুলোও মোটামুটি ব্যবসা করেছে বলে জানা গেছে।

এরপর ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো আলোর মুখ দেখতে শুরু করে। হতাশায় নিমজ্জিত সিনেমা হলগুলোর মালিক ও সিনেমা সংশ্লিষ্টদের মাঝে প্রাণ সঞ্চার করে।

এই ঈদে মুক্তি পায়, ‘দিন: দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি নিয়ে দেশজুড়ে বেশ হইচই ফেলে দেয়। এই সিনেমাটি বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।

Nagad

এরপরই আসে তরুণ নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বেশ চাঙ্গা করে। পরেই দেশীয় সিনেমার পালে ঝড়ো বাতাস তুলে মুক্তি পায় নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি।

‘হাওয়া’ সিনেমা মুক্তির আগেই ‘সাদা-সাদা, কালা-কালা’ গানটি দেশে আলোড়ন তোলে। গানটি সমাজিকমাধ্যমে ভাইরাল হয়। গানের বদৌলতে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বেড়ে যায়। চলচ্চিত্র বিশ্লেষকদের বিবেচনায় এটিই ২০২২ সালের সবচেয়ে সাড়া জাগানো সিনেমা।

সেপ্টেম্বর মাসে মুক্তি পায় তারকাবহুল সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এরপরই মুক্তি পায় ‘বিউটি সার্কাস’ ও ‘দামাল’। অক্টোবর মাসে মুক্তি পাওয়া সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ দেশে সাড়া না ফেললেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে।

চলতি বছরের সিনেমাগুলো বিশ্লেষণ করলে দেখা গেছে, বাণিজ্যিক ঘরানার সিনেমা ছাড়া জমজমাট গল্প সিনেমাও পেয়েছে চলচ্চিত্রপ্রেমীরা। বলতে গেলে সিনেমাপ্রেমীরা এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছিলেন দেশীয় চলচ্চিত্র থেকে। এর মাঝে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধের খবরের মাঝে ঢাকাই চলচ্চিত্রের ইতিবাচক ভবিষ্যৎ দেখছে সিনেমাপ্রেমীরা।

সারাদিন/২৪ ডিসেম্বর/এমবি