চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন উপদেষ্টাকে স্মারকলিপি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে রোববারও সচিবালয়ে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা তিনজন উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করেছেন।

রোববার (১ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় বিক্ষোভ মিছিল শুরু করেন কর্মচারীরা। প্রায় ৩০ মিনিটের এই কর্মসূচিতে তারা সংশোধিত চাকরি অধ্যাদেশটি বাতিলের দাবি জানান।

পরে তারা মিছিল নিয়ে প্রথমে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি হস্তান্তর করেন।

পরবর্তীতে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে তিনি উপস্থিত ছিলেন না। দুপুরের দিকে তার কাছে স্মারকলিপি পৌঁছানো হয় বলে কর্মচারীরা জানান।

বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টা শনিবার (৩১ মে) দেশে ফিরেছেন। তার সঙ্গে আলোচনার পর ভূমি সচিব আমাদের কিছু ফলাফল জানাবেন বলে আশা করছি। আজ তাই আমরা কর্মসূচি কিছুটা শিথিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদানে সীমিত রেখেছি।’

তিনি আরও জানান, রোববার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Nagad

এর আগে গত বৃহস্পতিবার কর্মচারীরা জানান, তারা রবি ও সোমবার পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২ জুন) উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছেও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২৫ মে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ বলা হয়েছে, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে। এ অধ্যাদেশের বিরোধিতা করে কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।