ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু: প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাতে এ কৃতজ্ঞতা জানান তিনি।

হাইকমিশনার জানান, এখন থেকে ভিসার আবেদন অনলাইনে করা যাবে। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি এবং অধ্যয়ন করছেন প্রায় ১৪ হাজার শিক্ষার্থী।

সাক্ষাতে তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আসন্ন নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি—সংবিধান, বিচারব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থায়। তিনি জানান, আগামী মাসে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে

তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো তরুণ ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে।

হাইকমিশনার রাইল জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া।

Nagad

দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা গত পাঁচ বছরে গড়ে ১৬.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়ার ভূমিকা তুলে ধরে রাইল বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আমরা ৫৫৩.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিয়েছি।

অধ্যাপক ইউনূস শিক্ষাখাতে বৃত্তি বাড়াতে এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানান।

সাক্ষাতে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।