সংস্কারের মধ্য দিয়ে নতুন গন্তব্যে যেতে চায় বিএনপি: সালাহউদ্দিন
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “সংস্কারের মধ্য দিয়ে বিএনপি নতুন গন্তব্যে পৌঁছাতে চায়।”
আজ মঙ্গলবার (১৭জুন) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হোক। আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় সবাই দাঁড়াতে চাই, যেন সংস্কারের বিষয়গুলো চূড়ান্ত করা যায়।’
তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, আস্থা ভোট ও অর্থবিল বাদে অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তবে জাতীয় নিরাপত্তার মতো কিছু বিষয়ে স্বাধীনতা সীমিত থাকবে।
সালাহউদ্দিন বলেন, জুলাইয়ের মধ্যে একটি ‘জাতীয় সনদ’ স্বাক্ষরিত হতে পারে।
সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ, এস্টিমেশন ও পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ আসন অনুপাতে বিরোধী দলগুলো পাবে—এ বিষয়ে সবাই একমত।
নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, ১০০টি সংরক্ষিত নারী আসন রাখার বিষয়ে আলোচনা হয়েছে, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি।
সালাহউদ্দিন ছাড়াও বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, খেলাফত মজলিস, গণসংহতি, এবি পার্টি, লেবার পার্টি, এলডিপি, জেএসডি ও জাসদসহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা। তবে আমন্ত্রণ পেলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উল্লেখ্য, জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে ১৭–১৯ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই তিন দিনের বৈঠক করছে কমিশন।

