ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৩৭ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ সময়ে ঢাকায় ১৫৭ জন ও ঢাকার বাইরে ১৮০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩ হাজার ৯৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। জুনে মারা যান ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জন। মার্চে কোনো মৃত্যুর তথ্য ছিল না।
উল্লেখ্য, চলতি বছরের সবচেয়ে বেশি রোগী ভর্তি হওয়ার রেকর্ড ছিল গত ৭ জুন, যেদিন ৪৯২ জন রোগী একদিনে হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিকদেরও সতর্ক ও সচেতন ভূমিকা রাখা জরুরি। বিশেষ করে বাড়ির আশপাশে এডিস মশার প্রজননস্থল যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

