আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দেবে: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩১ অপরাহন, জুলই ১০, ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটদানের সুযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ৪৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে কমিশনের ৮ম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীদের জন্য আইটি বেজড পোস্টাল ব্যালট চালুর পরিকল্পনা রয়েছে। এই ব্যালটে প্রতীকসহ প্রার্থীদের তালিকা প্রিন্ট করে ভোটের দুই মাস আগেই বিদেশে পাঠানো হবে। এছাড়া, ভোটার হিসেবে নিবন্ধনের জন্য একটি আলাদা প্রকল্পও গ্রহণ করা হচ্ছে।’

তিনি জানান, প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিন সপ্তাহ প্রচার কার্যক্রম চালানো হবে। ভোটাররা অনলাইনে নিবন্ধন করবেন এবং পরে তাদের কাছে ব্যালট পাঠানো হবে।

কমিশনার আরও বলেন, ‘বিভিন্ন ধরনের প্রস্তাব রয়েছে—কেউ বলছে ব্যালট আগে ছাপিয়ে পাঠানো, কেউ বলছে ব্ল্যাংক ব্যালটে নাম লিখে পাঠানো। তবে কমিশনের পক্ষ থেকে প্রতীকসহ প্রিন্টেড ব্যালট পাঠানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।’

এ ছাড়া জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।

Nagad

ভোট বাতিলের ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা ও কারচুপির দায়ে আমাদের শুধু কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা ছিল। এখন আমরা শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি। আশা করছি সরকার আমাদের পূর্বের এই ক্ষমতা ফিরিয়ে দেবে।

কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।