সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর সূত্রাপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের তিন সন্তান। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন: রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), ছোট ছেলে রোকন (১৪), ও দেড় বছরের কন্যা শিশু আয়শা।
রিপনের মামা জাকির হোসেন জানান, তারা সূত্রাপুরের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে। এতে পুরো পরিবার আগুনে দগ্ধ হয় এবং ঘরের আসবাবপত্রেও আগুন লেগে ক্ষতি হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপন দগ্ধ হয়েছেন ৬০ শতাংশ, চাঁদনি ৪৫ শতাংশ, তামিম ৪২ শতাংশ,রোকন ৬০ শতাংশ এবং শিশু আয়শা ৬৩ শতাংশ দগ্ধ হয়েছেন।
চিকিৎসকরা বলছেন, সবার অবস্থাই আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে থাকা অবস্থায় কোনো বৈদ্যুতিক সুইচ চাপা বা আগুন ধরানোর ফলে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস জমে বিস্ফোরণের মাত্রা ভয়াবহ ছিল।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

