আজ শুরু হচ্ছে এসএসসির ফল রিভিউ আবেদন
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হয়েছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন (রিভিউ আবেদন)। এই কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে থাকা দেশের ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এই রিভিউয়ের আবেদন করতে পারবে। তবে আবেদন করতে শুধু টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।
প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড। উদাহরণস্বরূপ: RSC DHA 123456 101,102 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে কমা (,) দিয়ে কোড আলাদা করতে হবে।
কনফার্মেশন মেসেজ পাবেন
টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী জানান, আবেদনকারীরা এসএমএস পাঠানোর পর একটি কনফার্মেশন মেসেজ পাবেন, যাতে ফি কেটে নেওয়ার তথ্য থাকবে।
রিভিউয়ে কী দেখা হয়?
বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ মানে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়। এতে মূলত দেখা হয়— উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কোনো উত্তর বাদ পড়েছে কি না, অথবা প্রশ্নের উত্তরগুলো মূল্যায়ন হয়েছে কি না।
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে:
www.teletalk.com.bd ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।

