উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সেই খতিব, হামলাকারীর বিরুদ্ধে মামলা
চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের খতিব মাওলানা আ.ন.ম. নূরুর রহমান মাদানীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে আহত খতিবের বড় ছেলে আফনান তাকি চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে গুরুতর আহত অবস্থায় মাওলানা নূরুর রহমান মাদানীকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত।
আফনান তাকি বলেন, ‘আমার বাবার ওপর বর্বরোচিত হামলার সঠিক বিচার চাই। শুক্রবার রাতে আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি।’
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সচেতন মহল দ্রুত তদন্ত করে হামলার মূল কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। অনেকে মাওলানা মাদানীর মৃত্যু হয়েছে—এমন গুজবও ছড়িয়ে পড়ে, যা পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ নাকচ করেছে।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, “ঘটনার পরপরই আসামি বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন মুসল্লিরা। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
জানা গেছে, চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের খুতবা নিয়ে ক্ষিপ্ত হন বিল্লাল হোসেন নামের এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। নামাজ শেষে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাওলানা মাদানীর মাথায় আঘাত করেন তিনি। মসজিদের মুসল্লিরা তাৎক্ষণিকভাবে আহত খতিবকে হাসপাতালে পাঠান এবং হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

