সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনায়: ট্রাইব্যুনালের আদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহন, জুলই ১২, ২০২৫

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় নিজের এবং অন্যান্য অভিযুক্তদের অপরাধে সম্পৃক্ততার তথ্য প্রকাশের শর্তে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার (১২ জুলাই) এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করে ট্রাইব্যুনাল-১।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজ দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আবেদন জানান এবং ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে জানান, তিনি সত্য উন্মোচন করতে চান এবং প্রধান ও সহযোগী অপরাধীদের মুখোশ খুলে দিতে প্রস্তুত।

একইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠনের আদেশ দেন।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।

আদালত মামলার ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপনের জন্য আগামী ৩ আগস্ট এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক আসামি হিসেবে রয়েছেন। অন্যদিকে, তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সহযোগিতা করতে রাজি হয়েছেন, যা তাকে আংশিক বা পূর্ণ ক্ষমার যোগ্যতা অর্জনের সুযোগ দিতে পারে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Nagad