‘সরকারের জনসমর্থন কম, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, ভোট হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ অপরাহন, জুলই ১২, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে যে আইনশৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে নির্বাচনের অনুপস্থিতি এবং সরকারের জনসমর্থনের অভাব। তিনি বলেন, ‘এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। ফলে দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, দুর্নীতি বাড়ছে। কিন্তু একটি নির্বাচিত সরকার থাকলে পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হতো।’

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনোই অন্যায়কে সমর্থন করে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচার করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না।’ তিনি অভিযোগ করেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা এখনও প্রকৃত গণতান্ত্রিক অবস্থায় ফিরতে পারিনি। গত ১৫ বছর ধরে দলগুলো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। কোনও অন্তর্বর্তী বা মধ্যবর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। তাই অবিলম্বে নির্বাচনের আয়োজন করতে হবে।’

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, তার প্রয়োজনীয়তা ২০১৬ সালেই খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন। তখনই বিএনপি ভিশন ২০৩১ ঘোষণা করে এবং পরে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়।’ তিনি জানান, বিএনপি এখন সংস্কার কমিশনকেও সহযোগিতা করছে।

Nagad