টানা পাঁচ ম্যাচে জোড়া গোল: মেসির জাদুতেই মায়ামির দারুণ জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

এমএলএসে যেন একক রাজত্ব চালাচ্ছেন লিওনেল মেসি। একের পর এক গোল করে শুধু জয়ই এনে দিচ্ছেন দলকে নয়, গড়ছেন নতুন নতুন রেকর্ডও। এবার ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখলেন এই আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময় রোববার সকালে ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। ফলে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।

ম্যাচের ১৭তম মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রাচীর ভেদ করে নিখুঁত শটে বল পাঠান জালে।

প্রথমার্ধে প্রাধান্য ছিল ইন্টার মায়ামিরই। তবে দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে হানি মুখতার হেডে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান।

তবে ৬২ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন ম্যাজিক্যাল মেসি। গোলরক্ষক উইলিসের একটি বড় ভুল কাজে লাগিয়ে বল পেয়ে অনায়াসেই ম্যাচজয়ী গোলটি করেন তিনি।

এই জয়ে চলতি এমএলএস মৌসুমে ১৬ গোলের মালিক হলেন মেসি। সমান সংখ্যক গোল করে ন্যাশভিলের সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা এখন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

Nagad

ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বিদায়ের পর এমএলএসে এটি ছিল ইন্টার মায়ামির তৃতীয় ম্যাচ। জয়টি তাদের ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট এনে দিয়েছে এবং ইস্টার্ন কনফারেন্সে ৪র্থ স্থানে তুলে দিয়েছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে ৫ পয়েন্ট পেছনে থাকলেও মায়ামির হাতে রয়েছে তিনটি ম্যাচ বেশি।