আজ থেকেই দেশব্যাপী চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ দমনে আজ রোববার থেকে সারাদেশে চিরুনি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ‘পরিস্থিতি বিবেচনায় সরকার চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান চালাবে। আর এ কাজে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই মামলায় রাজনৈতিক কিংবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

