সংস্কার নয়, কেউ কেউ শুধু নির্বাচন চায়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৮ অপরাহন, জুলই ১৩, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল শুধু নির্বাচন চায়, কিন্তু রাষ্ট্র সংস্কারের কোনো পরিকল্পনা বা আগ্রহ তাদের নেই। তিনি বলেন, ‘সংস্কার নয়, তারা শুধু দ্রুত নির্বাচন চায়। দেশের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, তবে আমাদের মতো যারা ‘জুলাই আন্দোলনে’ রাজপথে ছিলাম, তাদের দায়িত্ব রয়েছে। আমরা রাজপথ ছাড়তে পারি না।’

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। ঢাকায় যে বীভৎস ঘটনা ঘটেছে, কীভাবে পাথর মেরে এক ব্যবসায়ীকে দখলদারত্বের দ্বন্দ্বে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই।’

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটে। ১৬ বছর ক্ষমতায় থেকে তারা মানুষকে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ ও লুটপাট করেছে। দেশের মানুষ তিনবার ভোট দিতে পারেনি। তাই মানুষের ক্ষোভে রাজপথ গর্জে উঠেছিল।’

নাহিদ ইসলাম জানান, ‘অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, রাষ্ট্রের সংস্কার জরুরি। আমরা পুরোনো শাসনব্যবস্থায় ফিরে যেতে চাই না। বৈষম্যের বিরুদ্ধে ছিল আমাদের আন্দোলন। এ বৈষম্য দূর করতে হবে।’

তিনি বলেন, ‘যে সরকার অভ্যুত্থানের পর গঠিত হয়েছে, তাকে আমাদের সহযোগিতা করা উচিত, যাতে দেশকে নতুনভাবে গড়া যায়।’

Nagad

এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুর জেলার শতাধিক নেতাকর্মী।