বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতা যেন পিছু ছাড়ছিল না বাংলাদেশ দলের। তবে অবশেষে সেই বৃত্ত ভেঙে বড় জয় পেল টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাস ও শামীম হোসেনের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহ গড়ে পরে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ইনিংসের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। পারভেজ ইমন ও তানজিদ তামিম ফিরে যান দ্রুতই। তবে তিনে নেমে লিটন দাস দলের হাল ধরেন। প্রথমে হৃদয়ের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন, পরে শামীম হোসেনের সঙ্গে আরও কার্যকর ব্যাটিং করেন।

১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পাওয়া লিটন খেলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। অন্যদিকে, শামীম খেলেন ঝড়ো ২৭ বলে ৪৮ রানের ইনিংস।

১৭৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় তারা। শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে রান আউট হন কুশল মেন্ডিস (৫ বলে ৮)।

এরপর একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯৪ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ১৮ রানে ৩ উইকেট নেন। শরীফুল ও সাইফউদ্দিন পান ২টি করে উইকেট।

Nagad

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে এখন দুই দলই ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে।