ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৩০ জন
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮৫ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ১৩ হাজার ৯৬৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ২১০ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। সে বছর আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ে বলেই ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। সবারই উচিত নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

