মেয়ের মা হলেন কিয়ারা, সিদ্ধার্থের ঘরে নতুন অতিথি
প্রথম সন্তানের মুখ দেখলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সোমবার (১৫ জুলাই) মুম্বাইয়ের গিরগাঁওয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে জন্ম নিয়েছে তাদের কন্যাসন্তান। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি পোস্টে সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন এই তারকা জুটি। সেখানে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার শিগগিরই আসছে।’ এরপর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ।
গর্ভাবস্থায় সবচেয়ে আলোচিত ছিল কিয়ারার মেট গালা অভিষেক। ডিজাইনার গৌরব গুপ্তের নকশা করা পোশাকে বেবি বাম্প নিয়ে লাল গালিচায় হাজির হয়ে সকলের নজর কাড়েন তিনি।
সন্তান জন্মের এক সপ্তাহ আগে মুম্বাইয়ের এক ক্লিনিকে কিয়ারা ও সিদ্ধার্থকে একসঙ্গে দেখা যায়। তখন সঙ্গে ছিলেন সিদ্ধার্থের মা রিমা মালহোত্রা ও কিয়ারার বাবা-মা জেনেভিভ এবং জগদীপ আদভানি।
উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের শুরু। দীর্ঘদিন পর্দার আড়ালে সম্পর্ক রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে হয়। পরে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কিয়ারা জানান, রোমে ছুটি কাটাতে গিয়ে সিদ্ধার্থ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

