‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কেন বললেন পরীমনি?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বিষয়টি নিয়ে শুরুতে নীরব থাকলেও পরে সরব হন তিনি। এবার নিজের জীবনের নানা ঝামেলা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার নানা সমস্যার মুখে হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির নামে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে প্রতিবাদ জানান অভিনেত্রী।
এ ঘটনায় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন পরীমনি। তার সাহসী অবস্থানের প্রশংসা করেন অনেকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’
এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরীমনি। তার মতে, বিষয়টি শুধু ব্যক্তিগতভাবে নেওয়ার নয়, বরং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া জরুরি।
পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা নয়। প্রথম তিন-চারদিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’
এ ধরনের ঘটনা সাধারণ কোনো মেয়ের সঙ্গে ঘটলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলেও মনে করেন অভিনেত্রী। তার ভাষায়, ‘কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’

