ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৫০, হতাহতের সংখ্যা বাড়বে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহন, জুলই ১৭, ২০২৫

ইরাকের পূর্বাঞ্চলের আল-কুট শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ঘটনার সময় ওই হাইপারমার্কেটটি জনাকীর্ণ ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আগুন লাগার পরপরই ভবনজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ভেতরে আটকে পড়েন বহু মানুষ।

স্থানীয় গভর্নর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, আগুনে পুড়ে নিহতদের মরদেহ শনাক্তে কাজ শুরু হয়েছে। গভর্নর বলেন, “ঘটনার তদন্ত চলছে। ভবন মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও জানান, তদন্তের প্রাথমিক প্রতিবেদন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুট শহরের পাঁচতলা ভবনটির একাধিক তলায় আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। আগুনের ভয়াবহতা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, ইরাকে এর আগেও একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেগুলোর বেশিরভাগেই নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামোগত ত্রুটিকে দায়ী করা হয়েছে।

Nagad