সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল
প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ঐতিহাসিক সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে টাইগাররা ঢাকায় পৌঁছায়।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে ২১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। এদিন শেখ মেহেদী হাসান ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স করেন।
জবাবে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ঝড়ো ৭৩ রানের ইনিংস, মাত্র ৪৭ বলে। লিটন করেন ২৬ বলে ৩২ ও তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ২৫ বলে ২৭ রানে। ম্যাচ শেষ হয় মাত্র ১৬.৩ ওভারে।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাম্বুলায় ৮৩ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সফরের শুরুটা ভালো ছিল না—টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরে যায় বাংলাদেশ। তবে শেষটা দারুণভাবেই রাঙিয়ে নেয় টাইগাররা।
জয়ের আনন্দে ভাসলেও খুব একটা বিশ্রাম পাচ্ছে না ক্রিকেটাররা। কারণ, সামনে অপেক্ষা করছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি কঠিন টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি শুরু হবে রোববার (২০ জুলাই), বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

