জুলাই স্মরণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান, বরাদ্দ ১৬ কোটি টাকা
জুলাই অভ্যুত্থানের শিশু শহীদদের স্মরণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ‘শিশু শহীদদের স্মরণে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষে বরাদ্দকৃত অর্থ উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা অফিসারদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ ও ব্যয় করা যাবে।’
এছাড়া, অর্থ ব্যয়ের দায়িত্বপ্রাপ্ত আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের প্রয়োজনীয় ক্ষমতাও প্রদান করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। তাদের মতে, জাতীয় ইতিহাস সম্পর্কে শিশুদের সচেতন করে তুলতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

