চট্টগ্রামে এনসিপির সমাবেশ আজ, ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি
চট্টগ্রামে আজ (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ। বিকেলে নগরীর বিপ্লব উদ্যানে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সমাবেশস্থলসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব হোটেলে অবস্থান করছেন, তা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চলছে নজরদারি ও তল্লাশি।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল ডগ স্কোয়াড ব্যবহার করে মোটেল সৈকত হোটেলে তল্লাশি চালায়। হোটেলের তিনটি ফ্লোরে এনসিপি নেতারা অবস্থান করছিলেন। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চলে। নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ওই ফ্লোরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি-ছাত্রদলের হামলার পরিপ্রেক্ষিতে এবার চট্টগ্রামে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যেসব হোটেলে নেতারা থাকছেন, সেখানে সুইপিং করে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। বিপ্লব উদ্যানে সমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’
এনসিপি সূত্রে জানা গেছে, আজ সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়ে এনসিপির নেতারা রাঙ্গামাটি ও কাপ্তাইয়ে পথসভায় অংশ নেবেন। এরপর বিকেলে বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেবেন তারা।

