নিজের অসুস্থতা নিয়ে যে তথ্য জানালেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।’
তবে অসুস্থতার কারণে একইদিনে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন, ‘আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোন কল্যাণ রেখেছেন।’
ডা. শফিকুর রহমান আরও জানান, অসুস্থতা জানার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেকেই তার খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন।
হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ নেতৃবৃন্দর একটি টিম, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ তারাও সরাসরি খোঁজখবর নিয়েছেন।
তিরি আরও লেখেন, দেশ-বিদেশে অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বাংলাদেশীদের বাহিরেও অনেকেই খোঁজখবর নিয়েছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টাসহ আরো অনেকেই খোঁজখবর নিয়েছেন। আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দোয়ার জন্য ঋণী। তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামীন সকলকে যেন দান করেন। রাব্বুল আলামিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমত মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।
উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেল ৫টা ২৬ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

