প্রথম থেকেই এটি ফ্যাসিস্ট সংবিধান: নাহিদ ইসলাম
বাংলাদেশের বর্তমান সংবিধানকে শুরু থেকেই ‘ফ্যাসিস্ট সংবিধান’ বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৯টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে যে সংবিধান তৈরি হয়েছে, সেটি জাতিগোষ্ঠীর সকল শ্রেণিকে অন্তর্ভুক্ত করতে পারেনি। সকলকে নাগরিক মর্যাদা দিতে পারেনি। তাই আমি বলবো—প্রথম থেকেই এটি একটি ফ্যাসিস্ট সংবিধান।’
তিনি বলেন, ‘এতদিন জাতিগত বিভাজনের কারণে নানা সমস্যার সমাধান হয়নি। কিন্তু এখন আমরা একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছি। জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার রক্ষায় আমরা সবাই কাজ করবো। যারা গণহত্যা চালিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে—তাদের বিচার এ মাটিতেই হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘সামনের দিনগুলোতে কেউ যদি আবারও সংকট তৈরি করে, তবে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে। এ দেশে আর কোনো বিভাজন তৈরি করতে দেওয়া হবে না।’
তিনি বান্দরবানের দীর্ঘদিনের ভূমি সমস্যা, পানি সংকটসহ স্থানীয় নানা সমস্যা সমাধানে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।
কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভায় হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বান্দরবানে আসার পথে বাধা দেওয়া হয়েছে। তাই পথসভায় আসতে দেরি হয়েছে।’
এদিনের পথসভায় আরও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জোবারুল হাসান আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ ও বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেলসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়। গাইবান্ধা পৌর পার্কে এক উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির সূচনা করেন।

