হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫৬ অপরাহন, জুলই ২০, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। তিনি মানবজাতি ও মায়ের জন্য কলঙ্ক-তার বিচার একদিন হবেই।

তিনি বলেন, ‘একজন শহীদের মায়ের কান্না আমি শুনেছি-যিনি বলছিলেন, আমার যে সন্তান ছিল, তার জন্য পরিবার স্বপ্ন দেখেছিল, ভবিষ্যতের পরিকল্পনা করেছিল। সেই ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, ভ্যানে তুলে আরও লাশের সঙ্গে পুড়িয়ে ফেলা হয়েছে। এটাই কি স্বাধীন দেশের চিত্র? যাদের বেতন জনগণের করের টাকায়-সেই পুলিশ-প্রশাসনই এখন হত্যা করছে।’

রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা বলেন ফখরুল। জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ এর যৌথ আয়োজনে এদিন প্রতিটি শহীদের নামে একটি করে নিম গাছ রোপণ করা হয়।

বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।’

বিএনপি মহাসচিব জানান, আন্দোলনে হতাহতদের সহায়তায় একটি পুনর্বাসন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আজই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করবো এই তহবিল গঠনের জন্য। আমরা ‘আমরা বিএনপি পরিবার’ থেকে এরইমধ্যে কিছু সহায়তা শুরু করেছি।’

কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Nagad