জুলাই চেতনাকে সম্মান জানাতে দ্রুত ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, ‘এটি শুধু একটি নির্বাচন নয়, এটি জুলাই চেতনার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।’
রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিনস কমিটি, প্রভোস্ট কমিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি।
সভায় উপাচার্য জানান, নির্বাচন আয়োজনের পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার, সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের চার্জশিট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজও চলছে।
সভায় ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনের দাবি তোলা হয়। ইসলামী ছাত্রী সংস্থা ছাত্রী হল সংস্কারের দাবি তোলে। ছাত্রদল জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানবিরোধী কোনো সংগঠন যেন নির্বাচনে অংশ নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
এদিকে, ছাত্রশিবির তাদের অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে।
সভা শেষে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন ঘোষণা করে, ২৯ জুলাই নির্বাচনী তফসিল প্রকাশ করা হবে, এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
ঢাবি উপাচার্য বলেন, যেহেতু সবাই আমরা এ বিষয়ে একমত, তাই এ নির্বাচনকে জুলাই স্পিরিটকে সম্মান জানানোর উপায় হিসেবে করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাবিতে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার কাজও অব্যাহত রাখা হবে।

