‘ফিটনেসবিহীন গণপরিবহন সরাতে বিশেষ ঋণ দেবে সরকার’
ফিটনেসবিহীন গণপরিবহন সড়ক থেকে সরাতে বিশেষ রেয়াতি সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে সব ধরনের গণপরিবহনে ‘র্যাপিড পাস’ কার্ড চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন সেতু ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২০ জুলাই) রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র্যাপিড পাস’ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘দেশের গণপরিবহন খাতকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহন ধাপে ধাপে অপসারণ করা হবে। এ প্রক্রিয়ায় পরিবহন মালিকদের আর্থিক সহযোগিতা করতে সরকার বিশেষ ঋণের ব্যবস্থা নিচ্ছে।’
এদিন গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচলকারী বিআরটিসির ১০টি বাসে র্যাপিড পাস কার্ড ব্যবহার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে বিআরটিসি ৫টি বাস প্রদর্শন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
উল্লেখ্য, নগর পরিবহনকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনতে এবং ডিজিটাল কার্ডভিত্তিক ভাড়া আদায় ব্যবস্থা চালু করতে ‘র্যাপিড পাস’ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

