খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্, জুলই ২১, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২০ জুলাই) সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত থাকার পর তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি বাসা থেকে আগামী তিন দিন দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। খবর টাইমস অব ইসরায়েলের।

দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার রাতে নেতানিয়াহু হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো বাসায় গিয়ে তাকে পরীক্ষা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, নষ্ট খাবার খাওয়ায় তার অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে এবং তিনি পানিশূন্যতায় ভুগছেন। বর্তমানে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এই কারণে আগামী সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালতের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় আগামী ৫ সেপ্টেম্বরের আগে আর কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছরে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এছাড়া একই বছর পানিশূন্যতা, হৃদস্পন্দনের সমস্যা, হার্নিয়া অপারেশন এবং প্রস্টেট অপসারণের মতো চিকিৎসাও নিতে হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের মার্চে তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন।