উত্তরায় বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ১৯ জন নিহত, শতাধিক আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৩ অপরাহন, জুলই ২১, ২০২৫

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে অনেকেই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র ১০ মিনিট পর মাইলস্টোন কলেজ সংলগ্ন একটি ভবনের ওপর ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিকট শব্দ ও আগুনের গোলা দেখে শিক্ষার্থীরা দিকবিদিক ছুটে যায়। কলেজ ভবন থেকে দগ্ধ শরীর নিয়ে বের হয়ে আসতে দেখা গেছে অনেককে, এমনকি শিশুদেরও।

বাংলাদেশ ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে ৮টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এরপর ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়। বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেন।

ফায়ার সার্ভিসের মুখপাত্র লিমা খানম জানান, ‘এই পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ৭০ জনকে বার্ন ইউনিটে এবং কয়েকজনকে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।

Nagad

মাইলস্টোন কলেজের পিআরও বুলবুল আহমেদ বলেন, ‘ঘটনার সময় ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নেন। অনেক শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের আত্মিক ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সহায়তা দরকার।’

এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি তদারকি ও বিমান চলাচলে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।