আহতদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:২৮ অপরাহন, জুলই ২১, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আজ আমাদের জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন। এর আগে এমন ঘটনা ঘটেছে কি না সেটা আমাদের জানা নেই। এ ঘটনায় আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে।

সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন ‘ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে।’

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ডা. সাইদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে ১৫০ জনের বেশি আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এরমধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪৩ জন।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছু সময় পরই বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

Nagad