এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা আলাদা দিনে অনুষ্ঠিত হবে
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের দুটি পরীক্ষা একই দিনে নয়, আলাদা দিনে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৯ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট। এছাড়া, বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১২ আগস্ট, এবং গোপালগঞ্জে সংঘর্ষের কারণে স্থগিত ১৭ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
লিখিত পরীক্ষার তারিখ পেছানোয় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
প্রসঙ্গত, আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন, স্থগিত দুটি পরীক্ষা একই দিনে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে—২২ জুলাইয়ের পরীক্ষা সকালবেলা এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়ার প্রস্তাব ছিল। তবে পরবর্তীতে আলাদা দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

