উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এ অবস্থায় দেশের উপকূলীয় ১৫ জেলা ও দ্বীপাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৬ জুলাই) দুপুরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অমাবস্যা ও নিম্নচাপের কারণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল এবং অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল প্লাবিত হতে পারে।
আবহাওয়ার বিশেষ বার্তায় আরও বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খন্ডে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

