মাইলস্টোন ট্রাজেডি: আরও এক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৪

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্, জুলই ২৬, ২০২৫

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ ফারহান (১৩) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৬ জন মারা গেলেন।

বর্তমানে ইনস্টিটিউটে ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন।

জারিফ মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। সে ছিল পরিবারের ছোট সন্তান।

গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।

Nagad