ডেঙ্গুতে আজও তিনজনের মৃত্যু, নতুন ভর্তি ৪০৯ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪৪ অপরাহন, জুলই ২৭, ২০২৫

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তে উদ্বেগজনক চিত্র অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে বরিশালে ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ৬৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, দক্ষিণ সিটিতে ৫৪ জন, খুলনায় ২৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের।

প্রসঙ্গত, গত বছর (২০২৪ সালে) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। তার আগের বছর ২০২৩ সালে এ সংখ্যা আরও বেশি ছিল—মোট মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

Nagad