‘ত্রিপক্ষীয় সহযোগিতায় আগ্রহী চীন, বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়’
বাংলাদেশে নির্বাচন কখন হবে কিংবা জাতীয় সরকার গঠনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচন কখন হবে, কীভাবে জাতীয় সরকার গঠিত হবে, সেটা একান্তই বাংলাদেশের বিষয়। এতে চীনের কোনো হস্তক্ষেপ নেই।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও জানান, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত রয়েছে। ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।
ত্রিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ায় একটি উন্নত, সমৃদ্ধ ও সার্বভৌম প্রতিবেশী গড়ে তোলা। এটি তৃতীয় কোনো পক্ষবিরোধী কোনো উদ্যোগ নয়।
তিনি আরও বলেন, এই উদ্যোগ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
দীর্ঘদিন ধরেই তিস্তা নদীকে ঘিরে একটি পূর্ণাঙ্গ পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

