সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

এ ছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Nagad