বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে ‘ডিজাস্টার’ হবে: জামায়াত আমির
বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি প্রক্রিয়া একসঙ্গে চলতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার ও সংস্কারের আগে যদি নির্বাচন হয়, তাহলে সেটা জাতির জন্য ভয়াবহ বিপর্যয় (ডিজাস্টার) ডেকে আনবে।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলন ঘিরেই আওয়ামী লীগ সংঘটিত। মানবতাবিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। শহীদ পরিবারেরাও বিচার না দেখে কোনো নির্বাচনে যেতে চায় না।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের বিচার চাই, তবে যেন সেটি অন্যায়ের রূপ না নেয়। যারা অপরাধ করেছে, তাদের প্রাপ্য বিচার হোক।
এ সময় তিনি প্রস্তাব দেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার উদ্যোগ নিলে জামায়াত সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

