ফিলিস্তিনি জনগণকে রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্, জুলই ৩০, ২০২৫

জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ জুলাই) নিউইয়র্কে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা গণহত্যার সামিল। তিনি দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশের পক্ষ থেকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। এ লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

তিনি গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর পরিকল্পনার প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়ে বলেন, জাতিসংঘের নেতৃত্বে পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে গাজায় ত্রাণ বিতরণে যেকোনো ধরনের বাধা প্রতিহত করার ওপর জোর দেন তিনি।

‘ইউএন হাই-লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্যালেস্টাইন অ্যান্ড দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক তিনদিনব্যাপী এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

Nagad