উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ, অনলাইনেই সম্পূর্ণ হবে প্রক্রিয়া
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ বুধবার (৩০ জুলাই) থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নতুন ভর্তি নীতিমালায় বলা হয়েছে, এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
শিক্ষার্থীদের ভর্তি ব্যয় সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ ফি’র মধ্যে ভর্তি ও সেশন ফি, বোর্ড রেজিস্ট্রেশন ফি, রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত।
ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজে সর্বোচ্চ ফি ৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, উপজেলা পর্যায়ের এমপিওভুক্ত বাংলা মাধ্যম কলেজের জন্য সর্বনিম্ন ফি ১,০০০ টাকা। অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রশিদের মাধ্যমে ফি আদায় বাধ্যতামূলক।
আবেদনের যোগ্যতা ও কোটাবিন্যাস
২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের অনুমোদন সাপেক্ষে ভর্তি সুযোগ রয়েছে।
চলতি নীতিমালায় ৯৩% আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭% কোটার মধ্যে—
মুক্তিযোদ্ধা কোটায় ৫%
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ১%
অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ১% সংরক্ষিত।
যদি নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তবে সেই আসনগুলো মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে।
মেধাক্রম নির্ধারণ ও বিভাগভিত্তিক অগ্রাধিকার
সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর বিবেচনায় মেধাক্রম নির্ধারণ করা হবে। নম্বরও সমান হলে বিভাগভেদে নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন— বিজ্ঞান বিভাগে: গণিত, জীববিজ্ঞান, ইংরেজি, মানবিক ও ব্যবসায় বিভাগে: ইংরেজি, গণিত, বাংলা।
নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা সেই কলেজেই নির্ধারিত বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে।
অননুমোদিত ক্যাম্পাসে ভর্তি নিষিদ্ধ
বোর্ড অনুমতি ছাড়া শিক্ষার্থী ছাড়পত্র বা ভিন্ন কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তি সংক্রান্ত তথ্য ১৫ দিনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে। কোনো অননুমোদিত ক্যাম্পাস বা বিষয়ে ভর্তি কার্যক্রম চালালে কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে।
ক্লাস শুরুর সময়সীমা নির্ধারণ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন গ্রহণ, মেধাতালিকা প্রকাশ, ভর্তি সম্পন্ন ও ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

