জামায়াত আমিরের হার্টে ৩টি ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে বিষয়টি শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা তাকে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (৩০ জুলাই) কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করার পর শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান আর্টারিতে গুরুতর ব্লক ধরা পড়ে। এনজিওপ্লাস্টির পরিবর্তে চিকিৎসকেরা বাইপাস সার্জারিকে জরুরি হিসেবে বিবেচনা করছেন।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। এরপর থেকে তার স্বাস্থ্য পরীক্ষার পর্ব শুরু হয়।
এনজিওগ্রামের ফলাফলের ভিত্তিতে দ্রুত সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রাথমিকভাবে বিদেশে চিকিৎসার চিন্তা ছিল, তবে শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা করাতে আগ্রহ প্রকাশ করেন। তার ভাষায়, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর রয়েছে তার ‘পূর্ণ আস্থা’।
চলছে সার্জারির প্রস্তুতি, পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দ্রুত আরোগ্যের জন্য।

