গার্মেন্টস খাতে তুলাসহ ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করেছে এনবিআর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহন, গাস্ট ২, ২০২৫

গার্মেন্টস শিল্পে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তুলাসহ একাধিক কাঁচামাল আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৪৩ অনুযায়ী এবং উৎসে কর বিধিমালা, ২০২৪ এর বিধি ৮-এর উপ-বিধি অনুযায়ী গার্মেন্টস খাত সংশ্লিষ্ট আমদানিকৃত নির্দিষ্ট পণ্যের ওপর উৎসে করের হার শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে।

যেসব পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। তুলা (বাছাই করা, আঁচড়ানো), সিনথেটিক স্ট্যাপল ফাইবার, এক্রেলিক, আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবার ইত্যাদি।

এর আগে চলতি বছর এসব পণ্যের আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ করেছিল এনবিআর, যার তীব্র সমালোচনা করেছিলেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানায়, বর্তমানে সংগঠনটির অধীনে ১,৮৫৮টি সুতাকল, উইভিং এবং ডাইং-প্রিন্টিং-ফিনিশিং ইউনিট রয়েছে। খাতটিতে মোট বিনিয়োগ প্রায় ২৩ বিলিয়ন ডলার। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্পের সুতা ও কাপড়ের ৭০ শতাংশই আসে দেশীয় বস্ত্রখাত থেকে।

বহু উদ্যোক্তা ও শিল্প মালিকরা জানান, অগ্রিম আয়কর আরোপে ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাচ্ছিল, যা রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন করে তুলছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে কার্যকর মূলধনের ওপর চাপ কমবে এবং তারল্য পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Nagad