করবর্ষে ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৬ অপরাহন, গাস্ট ৩, ২০২৫

২০২৫-২৬ করবর্ষে দেশের সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ আগস্ট) এনবিআরের জারি করা এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, নির্ধারিত চারটি ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি করদাতাকে www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক বা অনলাইন পদ্ধতিতে রিটার্ন জমা দিতে হবে।

যাঁরা ব্যতিক্রম:
১. ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রমাণসহ)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
৪. মৃত করদাতার পক্ষ থেকে রিটার্ন দাখিলকারী আইনগত প্রতিনিধি

তবে, ইচ্ছা করলে এই চার শ্রেণির করদাতারাও অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

কারিগরি সমস্যায় করদাতার করণীয়:

যদি কোনো করদাতা ই-রিটার্ন সিস্টেমে সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, তবে তাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট কর অফিসে লিখিতভাবে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

Nagad

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং সরকারি ও বেসরকারি দফতরগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর বলছে, কর ব্যবস্থা ডিজিটাল এবং স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমানো ও সেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।