হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম, বিপাকে সাধারণ ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৬ অপরাহন, গাস্ট ৪, ২০২৫

বাজারে হঠাৎ করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দুটি পণ্যের-পেঁয়াজ ও ডিম—দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা এবং ডিমের দাম বেড়েছে ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা। এতে মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরা, সেগুনবাগিচা, কারওয়ান বাজার ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা এবং প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে। সাদা ডিম কিছুটা কমে ১৩০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকট এবং উৎপাদন এলাকাগুলোতে মূল্যবৃদ্ধির কারণে খুচরা বাজারে এই দাম বাড়ার প্রভাব পড়েছে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবায়ের আলী বলেন, মাত্র কয়েকদিন আগেও ২৫০ টাকা প্রতি পাল্লা দরে পেঁয়াজ বিক্রি করছিলাম, এখন সেটা বেড়ে ৩২০ টাকায় উঠেছে। ফরিদপুর, পাবনা এলাকাগুলোতে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৪০০ টাকা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। একইভাবে ডিমের দামেও দুই দফায় বাড়তি চাপ পড়েছে। দুই মাস ধরে যেখানে ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটা পৌঁছেছে ১৪০ টাকায়।

সিনহা এন্টারপ্রাইজের মালিক শরীফ হোসেন বলেন, সোমবার সকালে পাইকারিতে ১০০ লাল ডিম কিনেছি ১,০৪০ টাকা দিয়ে। অথচ আগের দামে এটা ৮৫০-৯১০ টাকার মধ্যে পাওয়া যেত।

Nagad

বিক্রেতাদের দাবি, পেঁয়াজের মৌসুম প্রায় শেষের দিকে। এরমধ্যে কয়েক দিনের বৃষ্টি পেঁয়াজের সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে। অন্যদিকে, ডিমের উৎপাদন খরচ ও খাদ্যদ্রব্যের দাম বাড়ায় ফার্মগুলো দাম বাড়াতে বাধ্য হচ্ছে বলে তারা জানান।

ক্রেতারা বলছেন, এভাবে আকস্মিক মূল্যবৃদ্ধিতে বাজারে ঠেকা যাচ্ছে না। সরকার যেন দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়, সেই দাবিও উঠেছে।