সানাই মাহবুবকে দেহ ব্যবসায় নামাতে চেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা
আলোচিত-সমালোচিত অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তাঁর স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি দেহ ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ এনে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা করেছেন।
বুধবার (৬ আগস্ট) মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলাটি করেন সানাই। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে আসামিকে সমন জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ মে আবু সালেহ মূসাকে বিয়ে করেন সানাই মাহবুব। বিয়ের সময় তাঁর পরিবার থেকে স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র দেওয়া হয়। এরপর ব্যবসা করার কথা বলে সানাইয়ের নিজের জমানো ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৭ লাখ টাকা—মোট ১৯ লাখ টাকা নেন মূসা, যা তিনি অপচয় করেন।
পরে ব্যক্তি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সানাইকে দেহ ব্যবসায় নামাতে চাপ দেন বলেও মামলায় অভিযোগ তোলা হয়েছে।
এরপর আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করলে সানাই অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর স্বামী বাসা থেকে বেরিয়ে যান। পরে একাধিকবার সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হন সানাই।
মামলায় আরও বলা হয়, সানাই মাহবুব ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান সংসার রক্ষার জন্য। কিন্তু আবূ সালেহ মূসা এসব নোটিশকে “মিথ্যা ও মানহানিকর” বলে প্রত্যাখ্যান করেন এবং জানান—যৌতুক না দিলে সংসার করবেন না এবং অন্যত্র বিয়ে করবেন।
৩১ জুলাই সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে তিনি আবারও একই হুমকি দেন।
সানাই মাহবুবের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকার যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলার পর বিচারক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বিয়ের আগে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা সানাই মাহবুব বিয়ের পর থেকে আড়ালে চলে যান। সামাজিক মাধ্যমে মাঝে মাঝে উপস্থিত থাকলেও আগের মতো খোলামেলা রূপে দেখা যায় না তাকে। এবার আবার মামলার মাধ্যমে সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি।

