নির্বাচনের আগে লটারিতে এসপিদের বদলি, ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হবে। একইসঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে নজরদারির জন্য ব্যবহৃত হবে বডি ক্যামেরা।
বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে বলেছেন। সেই আলোকে আমরা লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা করেছি। ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদের নির্বাচনকেন্দ্রিক ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে কোনো পক্ষ যেন নিজের পছন্দমতো কর্মকর্তা না নিতে পারে, সে জন্যই লটারির মাধ্যমে এসপিদের বদলি করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশনের তারিখ ঘোষণার আগেই এসব বদলি কার্যকর করা হবে, যাতে পরবর্তীতে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে পরিবর্তন করতে পারে। ডিসিদের বদলির সিদ্ধান্ত নেবে সংস্থাপন মন্ত্রণালয়।
নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ৪৭ হাজার ভোটকেন্দ্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বডি ক্যামেরা থাকবে। প্রিজাইডিং অফিসার যেন কেন্দ্রে থাকতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। সঙ্গে থাকবে পুলিশ ও আনসার সদস্য।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে বাহিনী সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং নির্বাচন কমিশনকেও অনুরোধ জানানো হয়েছে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ শেষে মহড়া চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

