বৈষম্যহীন বাংলাদেশ গড়াই গণআকাঙ্ক্ষা: সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান
জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ও গণআকাঙ্ক্ষা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বাগেরহাটের মোংলার মিঠাখালী ফুটবল মাঠে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ নিজেকে নিরাপদ ও সমান নাগরিক মনে করতে পারে। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্য গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক নেতা ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. কোহিনুর সরদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা শেখ রুস্তম আলী, নারী জাতীয় দলের ফুটবলার আকলিমা খাতুন, ক্রীড়া সংগঠক মো. হান্নান সরদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাব্বির হোসেন, সাবেক কাউন্সিলর আ. কাদের প্রমুখ।
শেখ রুস্তম আলী বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুললেই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণ হবে।
প্রীতি ম্যাচে অংশ নেয় মোংলা উপজেলা ফুটবল একাদশ ও মোংলা পৌরসভা ফুটবল একাদশ। খেলার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচটি গোলশূন্য (০-০) ড্র হয়।

