নির্বাচনে বিরূপ প্রভাব এড়াতে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্, গাস্ট ১০, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা দল ও জোটের নেতাদের প্রতি নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য ও বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮টি দল ও জোটের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও তেমন ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির নেতৃত্বাধীন জোটে থাকা দলগুলোর উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতারা জানান, তারেক রহমান শরিক দলগুলোকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানান এবং ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন। তবে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি।

Nagad

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৈঠকে বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরলে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে। এই মুহূর্তে দ্বন্দ্ব-সংঘাত এড়াতে সবার মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকা জরুরি।

বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, তারেক রহমান ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা ছিল, তারা যেন আগামীতেও ঐক্যবদ্ধ থাকে।