ডিজিটালাইজেশনের নামে বিগত সরকার দেশকে করেছে জিম্মি: বিশেষ সহকারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহন, গাস্ট ১০, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

ডিজিটাইজেশনের নামে বিগত সরকার বিভিন্ন কৌশলগত অবকাঠামোকে নির্দিষ্ট দেশি-বিদেশি কোম্পানির কাছে জিম্মি করে রেখে গেছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের কর ও ভ্যাটের টাকা কিংবা বিদেশি ঋণে পরিচালিত প্রকল্পে মন্ত্রণালয়, দপ্তর, সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য ‘ভেন্ডর লকড’ সিস্টেম কেনা উচিত নয়। এসব ক্লোজ সিস্টেমের কারণে ২০২৮-৩০-৩৪ সাল পর্যন্ত দেশের বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেন্ডর-নির্ভর হয়ে আছে, যার লাইসেন্স রিনিউয়াল ফি ও আপগ্রেডেশন খরচ আকাশচুম্বী।

তিনি উল্লেখ করেন, ছোট্ট একটি কোড পরিবর্তন বা প্রোফাইল আপডেটের জন্য হাজার হাজার ডলার খরচ হচ্ছে। বিদেশি সফটওয়্যারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন বুঝিয়ে বলতেও মাসের পর মাস সময় লাগছে। ফলে এসব সিস্টেম দিয়ে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

ফয়েজ আহমেদ তৈয়্যব সতর্ক করে বলেন, দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন ভবিষ্যৎকে কয়েকটি কোম্পানির কাছে বন্ধক রাখার প্রবণতা বন্ধ করতে হবে। মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোকে এই অদূরদর্শী প্রবণতা থেকে সরতে হবে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মিলিত সতর্কতার সময় এখনই।